

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় অভিযান চালিয়ে একটি সাদা রঙের প্রাডো গাড়ি থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে জাগুরঝুলি এলাকায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের খবর পেয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উদ্ধার হওয়া ইয়াবা, প্রাডো গাড়ি ও অন্যান্য আলামত পরিদর্শন করেন এবং ডিবি কর্মকর্তাদের কাছ থেকে অভিযানের বিষয়ে
পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা উদ্ধারের ঘটনায় জব্দ করা সাদা রঙের প্রাডো গাড়িটির মালিকানা-সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে গাড়িটির মালিকানা সংক্রান্ত তথ্যের সঙ্গে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড, আব্দুল মতিন, সাইফুল ইসলাম ও নুরুল হুদার নাম পাওয়া গেছে বলে জানা গেছে।
এছাড়া গাড়িটির কার ইনফো ও রেজিস্ট্রেশন-সংক্রান্ত তথ্যও যাচাই করছে পুলিশ। তবে গাড়ির মালিকানা বা এসব ব্যক্তির সঙ্গে উদ্ধার হওয়া ইয়াবার চালানের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।
ডিবি পুলিশ সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আরও কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।
উদ্ধার করা ইয়াবা ও প্রাডো গাড়ি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
