

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মেহেদী হাসান (২৫) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত-পা বাঁধা এবং গলায় বেল্ট প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট সকালে অটোরিকশা নিয়ে ওমরগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মেহেদী। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তার মা নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পাঁচ দিন পর ১২ আগস্ট দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আঁটিয়াবাড়ী উত্তরপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাগান/বাড়ি থেকে স্থানীয়রা বিকট দুর্গন্ধ পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে নাঙ্গলকোট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা ও গলায় বেল্ট জড়ানো অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মেহেদী হাসানের বলে শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মেহেদী হাসানকে হত্যা করে নির্জন স্থানে মরদেহ ফেলে রাখা হয়ে থাকতে পারে।
নাঙ্গলকোট থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
