লাকসামের আজগরা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সালামকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোটিশ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার অভিযোগে কুমিল্লার লাকসাম উপজেলার ৭ নম্বর আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদলের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় নোটিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের একটি অসংলগ্ন অডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত ও আলোচিত হয়। ওই বক্তব্যের মাধ্যমে দলের সাংগঠনিক শৃঙ্খলা ও পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ ওঠে।

নোটিশে উল্লেখ করা হয়, আব্দুস সালামের ওই বক্তব্যের কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কাছে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের স্বাক্ষরিত একটি জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, লাকসাম উপজেলার ৭ নম্বর আজগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী হিসেবে আব্দুস সালামের নাম ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রার্থিতা স্থগিত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে আব্দুস সালামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল জানান, দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শের বাইরে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। অভিযোগের বিষয়ে আব্দুস সালামের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার জবাব পর্যালোচনা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply