লাকসামে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিচ্ছেন জামিলুর রহমান

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জামিলুর রহমান। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ নভেম্বর (রবিবার) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে লাকসাম উপজেলা ভূমি অফিসের দাপ্তরিক কার্যক্রম ও দায়িত্বভার গ্রহণ করবেন।

জানা গেছে, মোহাম্মদ জামিলুর রহমানের পরিচিতি নম্বর ৪১০০১৭৭। তাঁর যোগদানের মধ্য দিয়ে লাকসাম উপজেলা ভূমি প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে।

এর আগে লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন মিলন চাকমা। তাঁকে বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল)-এর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে রেলপথ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। গত ৯ নভেম্বর এ সংক্রান্ত বদলির আদেশ জারি করা হয়।

মিলন চাকমার স্থলাভিষিক্ত হয়ে মোহাম্মদ জামিলুর রহমান লাকসামে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। নতুন কর্মস্থলে তিনি ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব ও দালাল মুক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এছাড়া ভূমি অফিসের দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোহাম্মদ জামিলুর রহমানের যোগদানকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। সাধারণ মানুষ আশা করছেন, তাঁর দায়িত্ব পালনের মধ্য দিয়ে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ ও হয়রানিমুক্ত হবে।

Leave a Reply