

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে স্কুলে যাওয়ার পথে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এক শিক্ষার্থীকে অশালীন ভাষায় ইভটিজিং করার অভিযোগে ইদ্রিস নামে এক অটোরিকশাচালককে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে অটোরিকশাচালক ইদ্রিস অশালীন ভাষায় উত্ত্যক্ত করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ওই চালককে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানাকে বিষয়টি অবহিত করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইভটিজিংয়ের অভিযোগে অটোরিকশাচালক ইদ্রিস মিয়াক ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ইদ্রিসের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উরুকচাইল গ্রামে বলে জানা গেছে।
বিদ্যালয়গামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিয়মিত নজরদারি ও অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
