

কুমিল্লা প্রতিনিধিঃ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আবারও সফলতা অর্জন করেছে।
(বিজিবি) সূত্রে জানা যায়, ০৫ মে ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীনস্থ আনন্দপুর বিওপি’র একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নানকড়া নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ ৩৫ হাজার টাকা (৬০,৩৫,০০০/-)।
বিজিবি জানায়, চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
