

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলা উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামে রিপন মিয়া (২০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে উক্ত ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শান্ত ও ভদ্র স্বভাবের এই তরুণের হঠাৎ মৃত্যু পরিবার, স্বজন ও স্থানীয়দের হতবাক করে দিয়েছে।
নিহত রিপন মিয়া নাজির আহমেদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তাদের গ্রামের বাড়ি সিলেটের জয়ন্তীপুর উপজেলার দিলটির পার এলাকায়। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে লাকসামের বড়বাম গ্রামে তার নানার বাড়িতে অবস্থান করছিলেন এবং একটি প্রজেক্টে কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এলাকার মানুষের সঙ্গে তার আচরণ ছিল অত্যন্ত ভালো এবং তিনি সবার কাছে একজন শান্ত-স্বভাবের ছেলে হিসেবেই পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই রিপন মিয়া স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তবে হঠাৎ করেই তার আত্মহত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রিপনের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, হাসিখুশি ও নম্র স্বভাবের একজন তরুণের এমন পরিণতি তারা মেনে নিতে পারছেন না।
সামাজিক সচেতন মহলের মতে, বর্তমান সময়ে তরুণদের মধ্যে মানসিক চাপ, হতাশা, পারিবারিক সমস্যা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা বাড়ছে। এসব কারণে অনেকেই চরম সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়ছেন। তাই পরিবার ও সমাজের উচিত তরুণদের মানসিক অবস্থার প্রতি আরও যত্নবান হওয়া এবং তাদের পাশে দাঁড়ানো।
বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং পরিবার, বন্ধু কিংবা বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা ও পারস্পরিক সহযোগিতাই পারে এমন মর্মান্তিক ঘটনা কমিয়ে আনতে।
