

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আহসান পারভেজ। তার যোগদানের মধ্য দিয়ে শিক্ষা বোর্ডের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং সেবার গুণগত উৎকর্ষতায় নতুন মাত্রা যুক্ত হবে বলে সংশ্লিষ্ট মহলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
শিক্ষা প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার অধিকারী মোঃ আহসান পারভেজ এর আগে দেবিদ্বার সরকারি এস.এ. কলেজের অধ্যক্ষ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর শিক্ষা বোর্ডের সার্বিক কার্যক্রমে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, পরীক্ষাব্যবস্থার আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
শিক্ষা সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের মতে, একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও প্রসাশক হিসেবে মোঃ আহসান পারভেজের দূরদর্শী নেতৃত্ব কুমিল্লা শিক্ষা বোর্ডকে আরও কার্যকর ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক হবে।
তার কর্মদক্ষতা, সততা এবং শিক্ষা উন্নয়নে আন্তরিকতা বোর্ডের কার্যক্রমকে আরও বেগবান করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
দায়িত্ব গ্রহন উপলক্ষে শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক প্রতিনিধি, শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মহল তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার সফল নেতৃত্বে কুমিল্লা শিক্ষা বোর্ড নতুন সাফল্যের পথে এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং একটি দক্ষ ও আধুনিক শিক্ষা প্রসাশন গড়ে তোলার লক্ষ্যে তার নতুন দায়িত্ব পালনের যাত্রা সফল ও ফলপ্রসূ হোক এ কামনা করেন সবাই।
