লাকসামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের ঐক্য, মতপ্রকাশের স্বাধীনতা ও আধুনিক লাকসাম পৌরসভা গঠনের প্রত্যয়

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁর ব্যক্তিগত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সংসদ সদস্য প্রার্থী ডা. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহসহ লাকসামে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার সম্পাদক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, মতপ্রকাশের স্বাধীনতা, স্থানীয় সরকার নির্বাচন, এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা সাংবাদিকদের সঠিক নীতিমালা অনুসরণ করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সাংবাদিক গোলাম সোবহানী রুবেল লাকসাম উপজেলার কর্মরত সাংবাদিকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করা প্রয়োজন।

সাংবাদিক সেলিম হিরা লাকসামে কর্মরত সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন ও সম্মানের বিষয়টি তুলে ধরেন। তিনি সাংবাদিকতার নীতিমালা অনুসরণ এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে পেশাগত দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী অ্যাডভোকেট বদিউল আলম সুজনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি করোনা মহামারির সময়ে সুজনের বিভিন্ন কার্যক্রমের স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, লাকসাম পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের কারও বিরুদ্ধে কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ নেই বলে তাঁরা মনে করেন। শান্তিপূর্ণ লাকসাম গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আন্তরিকতার আহ্বান জানান। একই সঙ্গে সত্য ও সঠিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো সাংবাদিক হয়রানির শিকার হলে তাঁকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজনের নম্রতা, ভদ্রতা ও মানবিক গুণাবলির প্রশংসা করেন। তারা বদিউল আলম সুজনকে অন্যান্য প্রার্থীদের তুলনায় ভিন্নধর্মী ও যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন।

সভায় বক্তারা মানবিকতা, ন্যায়পরায়ণতা, শিক্ষা, সামাজিক মর্যাদা ও নাগরিক সেবার বিষয়গুলো বিবেচনায় নিয়ে অ্যাডভোকেট বদিউল আলম সুজনকে আসন্ন পৌরসভা নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।

পাশাপাশি আধুনিক লাকসাম পৌরসভা গঠন, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভোটারদের সমর্থন কামনা করা হয়। সভায় সাংবাদিকদের পক্ষ থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় লাকসামে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply