

আজ মহা নবমী, পূজামণ্ডপে ভক্তদের ভিড়,নিরাপত্তায় সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে যথাযথ ধর্মীয় মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ মহা নবমী উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ভক্তদের উপস্থিতিতে পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
মহা নবমী উপলক্ষে দেবী দুর্গার আশীর্বাদ কামনায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তরা পূজামণ্ডপে সমবেত হচ্ছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবকে ঘিরে লাকসামের বিভিন্ন মন্ডপে সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ। সবার অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব পরিণত হয়েছে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের এক মিলনমেলায়।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে লাকসামের বিভিন্ন পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, আনসার, এসআরবি, বিজিবিসহ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন বলে জানানো হয়েছে। উৎসব চলাকালে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং পূজারিরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লাকসাম উপজেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল ও সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু।
এ সময় তাঁরা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে উপহার পৌঁছে দেন। এ উদ্যোগের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা তুলে ধরা হয়।
অপরদিকে, লাকসাম পৌরসভা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে লাকসামে বিরাজ করছে উৎসবের আমেজ। মহা নবমীর এই শুভক্ষণে সনাতন ধর্মাবলম্বীরা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে প্রার্থনা করছেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে-এমন প্রত্যাশা স্থানীয়দের।
