

লালমাই (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই পাহাড়ের কোটবাড়ি এলাকার সাদ্ধের মুড়া এলাকায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া আরও চারজনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে জেলা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরীর সঙ্গে সিয়াম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে শনিবার তারা কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে আসে। পরে সেখান থেকে সিয়াম ওই কিশোরীকে লালমাই পাহাড়ের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই তার কয়েকজন বন্ধু অবস্থান করছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, পাহাড়ের নির্জন স্থানে নিয়ে যাওয়ার পর কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ কয়েকজন ধর্ষণ করে। পরে ভোরের দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় কিশোরী স্থানীয়দের কাছে ঘটনার বিষয়টি জানায়। পরে কয়েকজন পালিয়ে গেলেও স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে খবর দেন।
আটক যুবকের নাম মো. সাকিব (২০)। তিনি চান্দিনা উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে বলে জানা গেছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ সুপার বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কিশোরীকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। মেডিকেল পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও বিস্তারিতভাবে জানা যাবে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
