

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ
কুমিল্লা শহরের কোতয়ালী থানাধীন ঠাকুরপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া ও দাঙ্গাবাজির ঘটনায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল বিকাল ৪টার দিকে ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, পটকা বিস্ফোরণ, মিছিল ও শক্তি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।
এ ঘটনায় ৬ এপ্রিল রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম (২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)।
গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানাধীন বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড়ে অভিযান চালিয়ে ৪টি রামদা/হাসুয়া ও একটি এসএস পাইপ দিয়ে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আরও ১৪ জনের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪০–১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
