লাকসামে ভুল চিকিৎসায় এক শিশু নিহত। স্বজনদের হাসাপাতাল ঘেরাও

লাকসাম(কুমিল্লা)প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে ইউনিটি ট্রমা জেনারেল হাসপাতালে হাতের চিকিৎসা নিতে গিয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিশুর স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলার কারণেই আব্দুল্লাহ আল হোসাইন (৮) নামের ওই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে মরদেহ রেখে বিক্ষোভ করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) লাকসামে বেসরকারি ইউনিটি ট্রমা জেনারেল  হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত হোসাইন উপজেলার কেমতলি গ্রামের হারুনুর রশিদের একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, খেলাধুলার সময় হাতে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়ে হোসাইন। পরে তাকে দ্রুত লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি করে অপারেশনের পরামর্শ দেন। চিকিৎসার জন্য প্রায় ৩৫ হাজার টাকা খরচ হবে বলেও জানানো হয়। সন্তানের সুস্থতার আশায় স্বজনরা অপারেশনের অনুমতি দেন।

স্বজনদের অভিযোগ, দুপুরে অপারেশন থিয়েটারে নেওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত শিশুটির কোনো খোঁজখবর দেওয়া হয়নি। পরে বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তখন দ্রুত তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজন ও এলাকাবাসী। পরে তারা মরদেহ নিয়ে পুনরায় লাকসামে ফিরে এসে হাসপাতালের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং দায়ীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নিহত শিশুর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমদ বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply