

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইভ আর্থ সোসাইটি’। সোমবার (১৭ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।
সেইভ আর্থ সোসাইটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে কুমিল্লায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার্তদের পুনর্বাসন, টিউবওয়েল স্থাপন, খাদ্য সহায়তা এবং শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
চলতি বছর জুলাই স্মৃতিচারণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে সংগঠনটি। জুলাইয়ের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এ কর্মসূচির মাধ্যমে শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে নাভিদ নওরোজ শাহ্ বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের দুই প্রজন্ম—জেন-জি ও জেন-আলফাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এখন প্রাথমিকের চতুর্থ-পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন। শিশুদের মধ্যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তৈরি করা গেলে ভবিষ্যতের জন্য কুমিল্লাকে বাসযোগ্য রাখা সম্ভব হবে। এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সেইভ আর্থ সোসাইটির স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান তিনি।
সেইভ আর্থ সোসাইটির সংগঠক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাহমুদুল হাসান নুহাশ বলেন, শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে সহযোগিতা করার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সেইভ আর্থ সোসাইটির স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
