

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে সংঘবদ্ধ নারী ছিনতাইকারীদের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিভিন্ন জনবহুল এলাকা, হাসপাতাল, মার্কেট ও স্বর্ণের দোকানকেন্দ্রিক এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা।
রোববার (২৩ আগস্ট) লাকসাম বাজারে স্বর্ণের দোকান থেকে স্বর্ণ মেরামত করিয়ে ফেরার পথে শাহানাজ নামে এক নারীর ব্যাগ থেকে স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। যার বাজার মূল্য ছিল প্রায় তিন লক্ষ টাকা।এ সময় তার সঙ্গে তার মা ছিলেন।
ভুক্তভোগী শাহানাজ জানান, লাকসাম বাজারের মোকছেদ আলী টাওয়ার থেকে বাইপাস সড়কের দিকে যাওয়ার পথে কোনো এক সময় তার অজান্তে ব্যাগ থেকে স্বর্ণ নিয়ে যায় সংঘবদ্ধ নারী চক্র। পরে বিষয়টি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে তার স্বামীকে জানান।
ভুক্তভোগীর স্বামী জানান, কিছুদিন আগেই তিনি তার স্ত্রীর জন্য বিদেশ থেকে স্বর্ণ নিয়ে এসেছিলেন। রোববার স্ত্রী ও শাশুড়ি বাজারে স্বর্ণ মেরামত করাতে গেলে ফেরার পথে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী লাকসাম থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাজারের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করে।
লাকসাম থানার এএসআই নাসির উদ্দীন জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত তথ্য ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে লাকসামের বিভিন্ন জনবহুল এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। বিশেষ করে হাসপাতাল, মার্কেট ও স্বর্ণের মার্কেট এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
পুলিশ দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনবে-এমন প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।
