লাকসামে ‘সুরক্ষা কান্ডে শেষ রক্ষা হলো না আসাদুজ্জামান ভুট্টোর,নতুন কমিটি ঘোষণা

ভুট্টোকে চেয়ারম্যান করে ৩৫ সদস্যের নতুন ব্যবস্থাপনা কমিটি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে ‘সুরক্ষা সিটি’কে ঘিরে দীর্ঘদিনের নানা জল্পনা-কল্পনা, আর্থিক হিসাব নিয়ে প্রশ্ন এবং বিনিয়োগকারী শেয়ারহোল্ডারদের একাংশের অসন্তোষের মধ্যে নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আসাদুজ্জামান ভুট্টোকে চেয়ারম্যান করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) লাকসাম সুরক্ষা সিটির অষ্টম তলায় অবস্থিত গ্রীনক্যাসেল রেস্টুরেন্টে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে নতুন কমিটির ঘোষণা দেন সুরক্ষা সিটির বিনিয়োগকারী মো. আবু বকর জাহিদ।

সভায় সুরক্ষা সিটির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম, ব্যবস্থাপনা ও আর্থিক হিসাব নিয়ে শেয়ারহোল্ডারদের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ বিরাজ করছিল। বিনিয়োগকারীদের একাংশের দাবি, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা দীর্ঘদিন ধরে আয়-ব্যয়ের হিসাব চেয়ে আসছেন। তবে সন্তোষজনক হিসাব না পাওয়ার অভিযোগ তুলে তারা নতুন ও কার্যকর ব্যবস্থাপনার দাবি জানান।

বিনিয়োগকারীদের একাংশ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে ব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, শেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব চাইলে তা বিভিন্নভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। কেউ কেউ অর্থ আত্মসাতের অভিযোগও তুলেছেন আসাদুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে ।

বিনিয়োগকারীদের অনেকে জানান, প্রায় ১০ থেকে ১২ বছর আগে তারা সুরক্ষা সিটিতে বিনিয়োগ করলেও এখন পর্যন্ত লাভের কোনো অর্থ পাননি। তাদের অভিযোগ, বিনিয়োগের অর্থ ফেরত চাইতে গেলে বিভিন্ন ধরনের চাপ ও হুমকির সম্মুখীন হতে হয়েছে।

প্রায় দুই কোটি টাকা বিনিয়োগ করে মো. মানিক মিয়া বলেন, তাদের মূল দাবি নিজেদের বিনিয়োগের অর্থের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা।

তিনি বলেন, আমরা শুধু আমাদের আমানতের স্বচ্ছ হিসাব চেয়েছি। ভুট্টো ভাইকে আজকের প্রোগ্রামেও দাওয়াত দিয়েছিলাম, যাতে তিনি আমাদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করেন। দুপুর পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু তিনি আসেননি।

মানিক মিয়া আরও অভিযোগ করেন, অনুষ্ঠানে অংশ নেওয়া শেয়ারহোল্ডারদের নিয়ে আসাদুজ্জামান ভুট্টো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক বিভ্রান্তিকর পোস্ট করেছেন। তার দাবি, একটি পোস্টে সাংবাদিকদের  ইউটিউবার অ্যাখ্যা দিয়ে বলেন শেয়ারহোল্ডারদের একাংশ ‘তামাশা করছে ।

সভায় উপস্থিত বড় বিনিয়োগকারীরাও প্রতিষ্ঠানের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনার দাবি জানান। তাদের বক্তব্যে বারবার উঠে আসে প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়টি।

বিনিয়োগকারীদের অভিযোগ, সভা শুরুর আগে অনুষ্ঠানটি বানচালের চেষ্টা করা হয়েছিল। তাদের দাবি, সোমবার সকালে সুরক্ষা সিটির অষ্টম তলায় ওঠার লিফট চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং সিঁড়ি দিয়ে ওঠার পথেও তালা লাগিয়ে দেওয়া হয়।

পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে লাকসাম থানা পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সুরক্ষা সিটির বিনিয়োগকারী মো. আবু বকর জাহিদ, মেহরাজুল ইসলাম বাবু, মো. দেলোয়ার হোসেন, মো. আব্দুল মালেক হিরন, মো. শামছুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. জসিম উদ্দিন, আব্দুন নুর মোতালেব, মাওলানা মো. আবু তাহের, ইমাম উদ্দিন মানিক, মো. ইয়াকুব, মো. আব্দুল মতিনসহ অন্যান্য বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডাররা।

দীর্ঘ আলোচনা শেষে আসাদুজ্জামান ভুট্টোকে চেয়ারম্যান করে ৩৫ সদস্যবিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি ঘোষণার পর বিনিয়োগকারীদের প্রত্যাশা, এবার প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের আর্থিক হিসাব-নিকাশে স্বচ্ছতা আসবে এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তবে নতুন কমিটি গঠনের পরও বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন রয়ে গেছে দীর্ঘদিন ধরে হিসাব-নিকাশ ও জবাবদিহিতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, নতুন এই ব্যবস্থাপনা কমিটি কি তার কার্যকর সমাধান দিতে পারবে।

আসাদুজ্জামান ভুট্টোর কাছ থেকেও আগেরসব হিসাব বুঝে নেওয়া অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply