

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ইস্যু প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সাংবাদিকদের নিবন্ধন ও কার্ড ইস্যুর পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার জন্য সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন (এসআরএস) প্রণয়নের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।
ইসি সচিব আখতার আহমেদের গঠন করে দেওয়া কমিটির আদেশে বলা হয়েছে, সাংবাদিকদের অনলাইন নিবন্ধন থেকে শুরু করে কার্ড ইস্যু পর্যন্ত পুরো কার্যক্রম কীভাবে সম্পন্ন করা হবে, সে বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে কমিটি। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের কার্ড ইস্যুর লক্ষ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের অংশ হিসেবেই এসআরএস প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব সামসুল আলমকে। সদস্য হিসেবে রয়েছেন ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার।
এ ছাড়া রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
নতুন সফটওয়্যার চালু হলে সাংবাদিকদের নিবন্ধন, যাচাই-বাছাই এবং নির্বাচনী দায়িত্ব পালনের জন্য কার্ড ইস্যু প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাবে।
