

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নে অনুষ্ঠিত “জুলাই শহীদ সাদমান ও মাসুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা শুক্রবার বিকেল ৪টায় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় কৃষ্ণপুর একাদশ ২-০ গোলের ব্যবধানে বামইল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুমিল্লার যুগ্ম সমন্বয়কারী সৈয়দ আহসান টিটু, মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউসার, জেলা সদস্য ও কুমিল্লা মাদকবিরোধী জোটের আহ্বায়ক আবদুস সামাদ এবং জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা মহানগরের আহ্বায়ক মোস্তফা জিহান।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাদমানের মা ও শহীদ মাসুমের বাবা। এতে সভাপতিত্ব করেন সামছুল হক মেম্বার।
ফাইনাল খেলা উপভোগ করতে আমড়াতলী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, জুলাই শহীদ সাদমান ও মাসুমের স্মৃতিকে অম্লান রাখতে এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে টুর্নামেন্টটির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আদর্শ সদর, কুমিল্লা।
