লাকসামে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড শুমারি,বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু

প্রথম ধাপে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ শুরু।

এস,এ বাদশাহ লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় কুমিল্লার লাকসাম উপজেলাতেও শুরু হয়েছে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬। সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে পরিবারের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন সংশ্লিষ্ট কর্মীরা।

সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের একাংশ এবং মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের একাংশে এ কার্যক্রম শুরু হয়। শুমারির প্রথম দিনে সংশ্লিষ্ট এলাকার বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ পরিচালনা করা হচ্ছে।

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসূচিটি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে যোগ্য পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে পরিবারের আর্থসামাজিক অবস্থা ও প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

লাকসামে প্রাথমিক পর্যায়ে দুটি ইউনিয়নের নির্ধারিত অংশে তথ্য সংগ্রহ শুরু হওয়ায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে এ কর্মসূচি নিয়ে আগ্রহ দেখা দিয়েছে। তবে কারা কার্ড পাওয়ার যোগ্য হবেন, কীভাবে উপকারভোগী নির্বাচন করা হবে এবং কখন কার্ড বিতরণ শুরু হবে—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া যায় নি।

ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম পর্যায়ক্রমে এগিয়ে নেওয়ার মাধ্যমে সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সুষ্ঠু ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় উপকারভোগী নির্বাচন কর্মসূচিটির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply