রাঙামাটি সদর জোনের উদ্যোগে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

স্টাফ রিপোর্টার:

পার্বত্য অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাঙামাটি সদর জোনের উদ্যোগে গবাদিপশু ও গৃহপালিত প্রাণী লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত ‘গবাদিপশু ও গৃহপালিত প্রাণী লালন-পালন প্রশিক্ষণ-২০২৬’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে জোন কমান্ডার প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে।

প্রশিক্ষণে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মোট ২০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে গবাদিপশু ও গৃহপালিত প্রাণী পালন, পরিচর্যা এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে তাত্ত্বিক ক্লাস পরিচালনার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য স্থানীয় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার এবং একটি বেসরকারি গবাদিপশুর খামার পরিদর্শনের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলে বেকারত্ব হ্রাস, আত্মকর্মসংস্থান বৃদ্ধি এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply