

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের নিখোঁজের ১৩ বছর উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি। শুক্রবার (২৭ নভেম্বর) তাঁদের স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে গুমের মামলায় নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ ও কষ্টের কথা প্রকাশ করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
তিনি বলেন, যাঁদের খুঁজে বের করার জন্য দীর্ঘদিন ধরে তিনি চেষ্টা ও কষ্ট করেছেন, সেই তাঁদের গুমের মামলায় নিজের নাম দেখে তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন। বিষয়টি তাঁর কাছে অপ্রত্যাশিত ও বেদনাদায়ক বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, গুমের শিকার দুই নেতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এমপি আবুল কালামের নাম মামলায় অন্তর্ভুক্ত করার বিষয়টি একটি ষড়যন্ত্রের অংশ। তাঁদের দাবি, তাঁরা নিজেরা মামলায় আবুল কালামের নাম দেননি; বরং আইনজীবী ষড়যন্ত্রমূলকভাবে তাঁর নাম অন্তর্ভুক্ত করেছেন, যাতে তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন। বিষয়টি জানার পর গুম পরিবারের পক্ষ থেকে মামলার নাম সংশোধনের আবেদনও করা হয়েছে বলে তাঁরা জানান।
উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। আবদুর রহমান বাদল ও গোলাম ফারুকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুম পরিবারের সদস্য সাইফুল ইসলাম হিরু সাহেবের ছেলে মোঃ রাফসান ইসলাম এবং হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল
শুক্রবার দুপুরে সংসদ সদস্য মো. আবুল কালাম মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের যুবদল নেতা সোহাগের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। পরে বিকেল ৩টার দিকে তোরাব আলী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
দিনের কর্মসূচির শেষ পর্যায়ে সন্ধ্যায় সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের নিখোঁজের ১৩ বছর উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম। এ সময় তিনি গুমের মামলায় নিজের নাম অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে ক্ষোভ ও কষ্টের কথা তুলে ধরেন।
সভায় নিখোঁজ দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি তাঁদের সন্ধান উদ্ঘাটন এবং দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৭ নভেম্বর লাকসাম উপজেলা বিএনপির তৎকালীন নেতা সাইফুল ইসলাম হিরু ও পৌরসভা বিএনপির নেতা হুমায়ুন কবির পারভেজ নিখোঁজ হন। তাঁদের নিখোঁজ হওয়ার ১৩ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে তাঁদের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা প্রকৃত ঘটনা উদঘাটন এবং তাঁদের সন্ধানের দাবি জানিয়ে আসছেন।
