কুমিল্লায় ইথান আহমেদ প্রেমকে গুলির ঘটনায় ৪৮ ঘণ্টায় ৪ আসামি গ্রেপ্তার,  পিস্তল ও গুলি উদ্ধার।

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে আহত ইথান আহমেদ প্রেমের ওপর হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। ঘটনার পর অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও, তারও আগে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অভিযানে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে মামলার এজাহারভুক্ত দুই আসামি হলেন ইমন (২২) এবং মো. রাকিব হাসান ওরফে আসিফ (২৫)। এছাড়া তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর আশিকুর রহমান আশিক (৩৮) এবং মো. জামশেদ হোসেন শ্রাবণ (২২)-কেও গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আরও একজন আসামি এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং খুব দ্রুত তাকেও আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে তদন্তসংশ্লিষ্টরা।

ঘটনার পরপরই অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কুমিল্লা জেলা পুলিশ একাধিক অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য বা অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply