কুমিল্লায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম।

হামলার শিকার সাংবাদিকরা হলেন-যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য খোকন চৌধুরী ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক মারুফ

বুধবার (২৬ আগস্ট) সংগঠনের সভাপতি বাহার রায়হান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন স্বাক্ষরিত এক বিবৃতিতে ফোরামের সকল সদস্যের পক্ষে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, হুমকি, হয়রানি বা কোনো ধরনের বাধার শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়ে থাকলে সেটির সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হামলার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের ভূমিকা তদন্তের মাধ্যমে নির্ধারণ এবং প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক, সামাজিক কিংবা প্রভাবশালী পরিচয় বিবেচনায় না নিয়ে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন কিংবা হামলার ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং অবাধ তথ্যপ্রবাহের ওপরও আঘাত। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা কিংবা হয়রানির শিকার না হন।

বিবৃতিতে সাংবাদিক খোকন চৌধুরী, তানভীর দীপু ও মারুফের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

Leave a Reply