জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের স্মরণসভা।

নিজস্ব প্রতিবেদকঃ

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে স্মরণসভার আয়োজন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও কুমিল্লা মহানগর ছাত্রদল।

স্মরণসভায় বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ, সাহসিকতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাদের অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের আত্মত্যাগ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়; তাদের আদর্শকে ধারণ করেই একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী,সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ নাহিদুজ্জামান রানা এবং সাধারণ সম্পাদক মোঃ ফায়াজ রশিদ প্রিমু এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্মরণসভায় অংশগ্রহণ করেন।

স্মরণসভার শুরুতে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নেতারা বলেন, শহীদদের আত্মত্যাগ যেন কখনো বিস্মৃত না হয়। তাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

Leave a Reply