

নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে নকলের সুযোগ না পেয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে।
শনিবার (১১ জুলাই) আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পরীক্ষা শেষে উপজেলার ফাতেমা-মতিন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, প্রশ্ন তুলনামূলক কঠিন হওয়ায় কয়েকজন পরীক্ষার্থী নকল করার সুযোগ দাবি করেন। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেই দাবি প্রত্যাখ্যান করলে পরীক্ষা শেষে কিছু পরীক্ষার্থী বহিরাগতদের সঙ্গে নিয়ে কলেজে হামলা চালায়।
এ সময় প্রশাসনিক ভবন, বিভিন্ন শ্রেণিকক্ষ এবং আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর করা হয়। হামলায় অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত করে দোষীদের শনাক্ত করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
