লাকসাম উপজেলা ক্যাবের সঙ্গে ইউএনও নার্গিস সুলতানার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ভেজাল পণ্য ও ওজনে কারসাজি রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লাকসাম উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভোক্তাদের অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, বাজার তদারকি জোরদার, ভেজাল পণ্য নিয়ন্ত্রণ এবং ওজনে কারসাজি প্রতিরোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সভায় ভোক্তা অধিকার নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এর সঙ্গে ব্যবসায়ী, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি সুস্থ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজার ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা বদ্ধপরিকর। বাজারে ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি, ওজনে কারসাজি, মূল্য তালিকা প্রদর্শনে অনিয়ম এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা সারাবছর চলমান থাকবে। তিনি বলেন, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে ক্যাবের মতো সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর করবে।

সভায় ক্যাব নেতৃবৃন্দ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ক্যাব দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বাজার মনিটরিং, ভোক্তাদের অভিযোগ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনটি জনস্বার্থে কাজ করে যাবে।

আলোচনায় বিশেষভাবে পণ্যে ভেজাল মেশানো, ওজনে কারসাজি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়ম বন্ধে প্রশাসন, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভোক্তাদেরও কেনাকাটার সময় সচেতন থাকা, রসিদ সংগ্রহ করা এবং কোনো অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা ক্যাবের সভাপতি মো. সেলিম মীর, সহসভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব খান রোবেল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম,  আইন বিষয়ক সম্পাদক মো. সোহরাব হোসেন, নির্বাহী সদস্য পান্না আক্তার, নির্বাহী সদস্য নাজমুল সুলতানা ববি, নির্বাহী সদস্য ফাতেমা আক্তার আঁখি এবং নির্বাহী সদস্য শাহ এমরান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে ভোক্তাদের অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের ভেজাল নিয়ন্ত্রণ, ওজনে কারসাজি প্রতিরোধ এবং একটি ন্যায্য ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থা প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসন ও ক্যাব যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতার মাধ্যমে ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

Leave a Reply