এমপির কক্ষে কম্বলের মধ্যে উইপোকা, কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিষ্কারের নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সার্কিট হাউসের একটি কক্ষে আলমারিতে রাখা কম্বলের মধ্যে উইপোকা পাওয়ার ঘটনায় সার্কিট হাউসের সব কক্ষের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির কুমিল্লায় আগমন উপলক্ষে সার্কিট হাউসের সম্প্রসারিত নতুন ভবনের দ্বিতীয় তলার ‘রাধাচূড়া’ কক্ষটি বরাদ্দ দেওয়া হয়।

ওই কক্ষে অবস্থানকালে আলমারিতে রাখা কম্বলের মধ্যে উইপোকার উপস্থিতি দেখতে পান এমপি। পরে তিনি রাতে সার্কিট হাউসে অবস্থান না করে সেখান থেকে চলে যান। এ ঘটনায় জেলা প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর সার্কিট হাউসের সব কক্ষ সরেজমিনে পরিদর্শন করে আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় প্রতিটি কক্ষের ফ্যান, লাইট, জানালা-দরজা, পর্দা, আলমারি, টেবিল, চেয়ার, খাট, ম্যাট্রেসসহ অন্যান্য সামগ্রী পরিষ্কার করার কথা বলা হয়েছে।

এ ছাড়া কোন কর্মচারী, কোন তারিখ ও সময়ে কোন কক্ষ পরিষ্কার করেছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা কেমন ছিল এবং কোনো সমস্যা পাওয়া গেলে তা লিখিতভাবে নাজিরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কিট হাউসের নাজিরকে প্রতিদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত ওই অফিস আদেশে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

Leave a Reply