কুমিল্লায় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

কুমিল্লা জেলায় অভিযানে গ্রেপ্তার ১৯৩

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা পুলিশের অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের একটি ভিডিও পর্যালোচনা করে চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাং ‘SBS’ গ্রুপের তিনজন এবং ‘CTG’ গ্রুপের একজন সদস্য রয়েছে। এদিকে কুমিল্লা জেলা পুলিশের নিয়মিত মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে মোট ১৯৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির আওতাধীন টমছম ব্রিজ এলাকার একটি ভাঙা ভবনের ছাদে দেশীয় অস্ত্রসহ ৮ থেকে ১০ জনের একটি দলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাৎক্ষণিকভাবে ভিডিও ফুটেজ পর্যালোচনা শুরু করে।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ‘SBS’ গ্রুপের তিন সদস্য এবং ‘CTG’ গ্রুপের একজন সদস্যসহ মোট চারজনকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, গত শুক্রবার তারা ভিডিওটি ধারণ করেন। মূলত নিজেদের অবস্থান ও উপস্থিতি জানান দিতেই দেশীয় অস্ত্রসহ ওই ভিডিও তৈরি করা হয়েছিল বলে তারা স্বীকার করেছেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে কুমিল্লা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে মাদক কারবারি, কিশোর গ্যাংয়ের সদস্য ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব নিয়মিত অভিযানে মোট ১৯৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

Leave a Reply