

কুমিল্লা প্রতিনিধিঃ
‘বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৬’ উপলক্ষে কুমিল্লায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞানের গুরুত্ব, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মু রেজা হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ।
বক্তারা বলেন, আধুনিক বিশ্বে শিল্প, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে নির্ভুল পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও মানসম্মত পরিমাপ নিশ্চিত করা গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।
সভায় আরও বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশের পরিমাপ ব্যবস্থা উন্নত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ কুমিল্লার সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
