চট্টগ্রামে খাবার খেতে ব্যস্ত পুলিশ,সুযোগ বুঝে টহল ভ্যান নিয়ে চম্পট চোর

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের হালিশহরে দিনদুপুরে পুলিশের একটি টহল ভ্যান চুরির ঘটনা ঘটেছে। দুপুরের খাবার খেতে পুলিশ সদস্যরা পাশের একটি রেস্তোরাঁয় গেলে এই সুযোগে টহল ভ্যানটি চালিয়ে নিয়ে যায় এক ব্যক্তি। এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসের বাইরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ।

তিনি জানান, দুপুরে হালিশহর থানার একটি টহল দল তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি নির্ধারিত স্থানে পার্ক করে পাশের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে যান। এ সময় সুযোগ বুঝে এক ব্যক্তি পুলিশের টহল ভ্যানটি চুরি করে নিয়ে যায়।

পুলিশ সদস্যরা খাবার শেষে ফিরে এসে দেখেন, নির্ধারিত স্থানে গাড়িটি নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করে গাড়িটি চুরির বিষয়টি নিশ্চিত হন তাঁরা। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, এক ব্যক্তি পুলিশের পিকআপ ভ্যানে উঠে সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।

ঘটনার পরপরই চুরি যাওয়া গাড়িটি উদ্ধারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক দল তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ জানায়, চুরি হওয়া গাড়িটি হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল-ডেকার পিকআপ ভ্যান। বুধবার পুলিশের তিন সদস্যের একটি টহল দল গাড়িটি নিয়ে দায়িত্ব পালন করতে বের হয়েছিল।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি যাওয়া গাড়িটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

Leave a Reply