

সকাল থেকে রাত পযন্ত হ্যান্ড মাইকিং এর উচ্চ শব্দ
এস এ বাদশাহ
ডিজিটাল মাইক ও হ্যান্ড মাইক,ফেরিওয়ালাদের হাঁকডাক,
এবং ভাঙারি ক্রেতাদের উচ্চ শব্দের কারণে বর্তমানে গ্রামাঞ্চলেও শব্দ দূষণ এক মারাত্মক রূপ ধারণ করেছে। এছাড়া সুখবর, সুখবর, সুখবর, বিশাল মূল্য ছাড়, ডাক্তার আছেন—মাইকে উচ্চ শব্দে এই কথাগুলো প্রতিনিয়ত শুনতে শুনতে বিরক্ত ও অসুস্থ হয়ে পড়ছি।শহরের মতো এখন গ্রামেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উচ্চ শব্দে বাজার,ঘাট ও বাসায় থাকা কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে কানে আর কিছু শুনতে পারবো না।’
ক্ষোভ নিয়ে কথাগুলো বলছিলেন লাকসাম উপজেলার আউশপাড়া গ্রামের বাসিন্দা এম এ মান্নান।কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে ডিজিটাল হ্যান্ড মাইকের এমন উচ্চ শব্দের আওয়াজে অতিষ্ঠ উপজেলা ও পৌরবাসী। সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা এর প্রতিকার চেয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। সেখানে অনেকেই মাইকিংকে বলেছেন ‘শব্দ সন্ত্রাস’।
অটোরিকশায় একটি বা দুটি মাইক বেঁধে উচ্চ শব্দে চলছে প্রচারণা। দীর্ঘ সময় ধরে এভাবে মাইকিং করতে আগের মতো দরকার পড়ে না ঘোষকের। ঘোষণাটি একবার রেকর্ড করে মোবাইল ফোনের মেমোরি কার্ডে নিয়ে যানবাহনে মাইক বেঁধে চলতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
সরেজমিন দেখা গেছে, প্লাস্টিকের জিনিসপত্র, কাপড়, কম্বল বা গৃহস্থালি সামগ্রী,কাঁচা তরকারি, ভাঙারি লোহালক্কড়,গরু-মহিষ জবাই,বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার, বিশেষজ্ঞ ডাক্তার, নতুন কিংবা পুরনো খাবারের হোটেল বা শপিং মলের বিশেষ ছাড়,কম দামে এলইডি বাল্ব ও রবি গ্রামীন সিমসহ বিভিন্ন ধরনের প্রচারে ভ্যানগাড়িতে ডিজিটাল হ্যান্ড মাইকে উচ্চ শব্দে মাইকিং চলছে নিয়মিত। তবে তুলনামূলক ভাবে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার মাইকিং সবার থেকে এগিয়ে।উপজেলা ও পৌর শহরের প্রায় ৪৮টি বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসেন। রোগীদের দৃষ্টি আকর্ষণের জন্য এসব চিকিৎসকের আসার কথা জানিয়ে মাইকিং করেন প্রতিষ্ঠানের মালিকরা।
এতে কেউ বিরক্ত হয়ে অনেকে কানে আঙুল দিয়ে পথ চলেন। প্রযুক্তির যুগে এখন আর দরকার পড়ে না ঘোষকের। ঘোষণাটি একবার রেকর্ড করে নিলেই ব্যাস। রিকশায় মাইক বেঁধে দিনভর চলতে থাকে রেকর্ড করা সেই ‘সু-খবর’র ঘোষণা। সঙ্গে উচ্চ আওয়াজের মিউজিক। ফলে মারাত্মকভাবে হচ্ছে শব্দ দূষণ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান প্রচারের নামে শব্দ দূষণ করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।এতে বিপাকে পড়েছেন এ এলাকার রোগী,শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক মাইকিংয়ের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন,মাইকিংয়ের জন্য ক্লিনিক-মালিকরা তাদের দৈনিক ১ হাজার ৪০০ টাকা দেন। বিপরীতে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাইকিং করেন তারা।
পৌর শহরে রেলগট এলাকার ব্যবসায়ী শংকর সাহ ও রাজিব দাস বলেন, প্রতিনিয়ত মাইকিংয়ের কারণে ব্যবসা পরিচালনায় ব্যাঘাত ঘটছে। শব্দ দূষণের প্রচলিত আইন থাকলেও মানছে না তারা। পৌরসভার কয়েকজন বাসিন্দা জানান, প্রতিদিন বিভিন্ন পণ্য ও সেবার সুযোগ-সুবিধা নিয়ে মাইকিংয়ে নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শব্দ দূষণ করছে। মাইকের যন্ত্রণাদায়ক শব্দের কারণে মুঠোফোনে কথা বলাসহ কাজকর্ম করা যায় না। লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন বলেন,সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে একটির পর একটি মাইক আসতেই থাকে, এতে কান ঝালাপালা হয়ে যায়।এমন উচ্চ আওয়াজে সুখবর শুনতে শুনতে অতিষ্ঠ এই এলাকার মানুষ।
চিকিৎসকরা বলছেন, মানুষের শ্রবণের জন্য শব্দের ৪৫ ডেসিবেল হচ্ছে সহনীয় মাত্রা। তবে তা ৭০ ডেসিবেল অতিক্রম করলে ক্ষতিকর। পৌর শহরে প্রতিনিয়ত যে হারে মাইকিং করা হয়, তাতে শব্দের মাত্রা ৭০ ডেসিবেলের কাছাকাছি থাকে। যা শিশুদের জন্য খুবই ক্ষতিকর।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামরুল হাসান রিয়াদ বলেন,শব্দ দূষণের কারণে দুশ্চিন্তা, উগ্রতা, উচ্চ রক্তচাপ, টিন্নিটাস, শ্রবণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাতসহ অন্যান্য ক্ষতিকর ও বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে। এছাড়াও অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া হিসেবে স্মরণশক্তি হ্রাস,মানসিক অবসাদ ইত্যাদি হতে পারে। প্রতিনিয়ত শব্দদূষণে শিশুদের মানসিক বৃদ্ধি বিঘ্নিত হচ্ছে।
শব্দ দূষণের বিষয়টি নিশ্চিত করে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নার্গিস সুলতানা বলেন,সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নোটিশ দিয়ে জানানো হবে। শব্দ দূষণের কারণে ভুক্তভোগী কোনো নাগরিক অভিযোগ করলে প্রচলিত আইনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
