লাকসামের উত্তরদা ইউনিয়ন পরিষদে মাতৃত্ব ভাতাভোগীদের SBCC প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন পরিষদে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মাতৃত্ব ভাতাভোগীদের নিয়ে SBCC (Social Behaviour Change Communication) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছর উপলক্ষে আয়োজিত এ প্রশিক্ষণের আয়োজন করে লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস।

অনুষ্ঠানে উত্তরদা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মাতৃত্ব ভাতাভোগী নারীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মা ও শিশুর পুষ্টি, গর্ভকালীন ও প্রসব পরবর্তী স্বাস্থ্যসেবা, শিশুর সঠিক পরিচর্যা, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক আচরণগত পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষকরা বলেন, বর্তমান সময়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুধু সরকারি সহায়তা প্রদানই যথেষ্ট নয়, পাশাপাশি প্রয়োজন সচেতনতা ও সামাজিক আচরণগত পরিবর্তন। এ ধরনের SBCC প্রশিক্ষণের মাধ্যমে ভাতাভোগী নারীরা নিজেদের অধিকার, স্বাস্থ্যসেবা গ্রহণের গুরুত্ব এবং শিশুর সঠিক পরিচর্যা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উত্তরদা ইউনিয়ন পরিষদের প্রশাসক মানসী পাল। তিনি তার বক্তব্যে বলেন, সরকার মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। মাতৃত্ব ভাতা কর্মসূচি শুধু আর্থিক সহায়তা নয়, বরং একজন মায়ের সুস্থতা, শিশুর নিরাপদ বেড়ে ওঠা এবং সচেতন পরিবার গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করলে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

এসময় উপস্থিত ছিলেন উত্তরদা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  কেন্দ্রের ভিজিটর জ্যোতি প্রভা চাকমা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা আমজাদ হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মহিন উদ্দিন, হিসাব সহকারী জাহাঙ্গীর হোসেনসহ ইউনিয়নের মাতৃত্ব ভাতাভোগী সদস্যরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা জানান, এ আয়োজনের মাধ্যমে তারা মা ও শিশুর যত্ন, পুষ্টিকর খাদ্য গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। তারা ভবিষ্যতে এসব নির্দেশনা নিজেদের পরিবারে অনুসরণ করার পাশাপাশি অন্যদের মাঝেও সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ইউনিয়ন পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি কমবে এবং একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply