লাকসামে নিষিদ্ধ সংগঠনের নাশকতা বিরোধী হোন্ডা শোডাউন, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

রাতভর সতর্ক অবস্থানে বিএনপির নেতাকর্মীরা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কুমিল্লার লাকসামে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় লাকসাম উপজেলা ও পৌরসভাজুড়ে নাশকতাবিরোধী মোটরসাইকেল শোডাউন ও টহল কর্মসূচি পালন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৮ নভেম্বর রাত থেকেই লাকসামের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থান নেন উপজেলা ও পৌরসভা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল দেন তারা। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ও নাশকতা প্রতিরোধে রাতভর এ তৎপরতা অব্যাহত রাখেন নেতাকর্মীরা।

১৯ নভেম্বরকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে লক্ষ্যেই এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড নজরে এলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাকসামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও মাঠে তৎপর থাকতে দেখা গেছে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

বিএনপির নেতাকর্মীরা জানান, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখছেন।

সব মিলিয়ে ১৯ নভেম্বরকে ঘিরে লাকসামে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্কতা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Leave a Reply