দুর্ঘটনার শিকার দৈনিক বাংলা নিউজের সম্পাদক ও প্রকাশক মওদুদ আব্দুল্লাহ শুভ্র

নিজস্ব প্রতিবেদকঃ
দৈনিক বাংলা নিউজের সম্পাদক ও প্রকাশক মওদুদ আব্দুল্লাহ শুভ্র সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নামাজ পড়ে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি আহত হয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে তিনি এ দুর্ঘটনার কবলে পড়েন। তার ভাষ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণহীনভাবে আসছিল। সেটি হঠাৎ ব্রেক ধরলে তিনি মোটরসাইকেল নিয়ে থামার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি তার গায়ের ওপর উঠে যায়।

দুর্ঘটনায় তিনি আহত ও শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন বলে জানান। একই সঙ্গে তার মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় অপর মোটরসাইকেলে থাকা দুজন হেলমেট পরা ছিলেন এবং মোটরসাইকেলটি উল্টে গেলে তারা দুজনই ছিটকে পড়ে যান বলে তিনি উল্লেখ করেন।

তবে বর্তমানে তিনি গুরুতর কোনো শারীরিক সমস্যায় নেই বলে জানিয়েছেন। দুর্ঘটনার পর শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভূত হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে মওদুদ আব্দুল্লাহ শুভ্র আরও বলেন, নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এতে শুধু চালক নয়, পথচারীসহ অন্য নিরীহ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সড়কে বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে যানবাহন চালানো বন্ধে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি রোড সিসি ক্যামেরার ফুটেজ দেখে বেপরোয়া গাড়ি চালানো ব্যক্তিদের আইনের আওতায় আনার অনুরোধ জানান তিনি।

এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

Leave a Reply