মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র আহত, ফেসবুকের নিউজ লিংক মুছে ফেলতে হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জরুরি কাজ শেষে রাতে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছেন পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র। এ সময় মোটরসাইকেল থেকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তাঁর ফেসবুক পেজে প্রকাশিত একটি নিউজ লিংক মুছে ফেলতে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, গতকাল রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে জরুরি কাজ শেষ করে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাঁকে হঠাৎ ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর মোটরসাইকেল আরোহী তাঁর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও নিউজের লিংক মুছে ফেলতে বলেন। অন্যথায় ভবিষ্যতে তাঁর ক্ষতি করা হবে বলেও হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই মোটরসাইকেল আরোহী।

ঘটনার পর শারীরিকভাবে আহত অবস্থায় বাসায় ফিরে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সাংবাদিক শুভ্র।

তিনি আরও জানান, তাঁর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি ছিল জনসচেতনতামূলক ও তথ্যবহুল সংবাদ। তবে ওই সংবাদ প্রকাশের কারণে এমন ঘটনা ঘটেছে কি না, কিংবা তাঁকে ধাক্কা দেওয়া ও হুমকি দেওয়ার পেছনে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এ বিষয়ে সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন, তাঁর পেশাগত দায়িত্ব পালন এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে কেউ ক্ষুব্ধ হয়েছেন কি না, কিংবা তাঁকে হুমকি দিয়ে আহত করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তাঁর জানা নেই। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

পাশাপাশি তিনি এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা, সহমর্মিতা ও দোয়া কামনা করেছেন।

সাংবাদিক শুভ্রের প্রকাশিত ভিডিও নিউজের লিংক: https://www.facebook.com/share/v/1F8N8vvBtG/

Leave a Reply