

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে জেলা ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযানে কাগজপত্র ও প্রয়োজনীয় বৈধতা না থাকা ৬৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। একই অভিযানে একটি পিকআপ ও একটি টেম্পুও আটক করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) লাকসাম উপজেলা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় হঠাৎ এ অভিযান পরিচালনা করে জেলা ট্রাফিক পুলিশ। অভিযানে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, রেজিস্ট্রেশন ও অন্যান্য বৈধ কাগজপত্র যাচাই করা হয়।
এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬৩টি মোটরসাইকেল আটক করা হয়। পাশাপাশি একটি পিকআপ ও একটি টেম্পু আটক করে লাকসাম থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ট্রাফিক পুলিশের এ আকস্মিক অভিযানে মোটরসাইকেল চালকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক চালক বৈধ কাগজপত্র সঙ্গে না থাকায় সড়কের বিভিন্ন স্থানে থেমে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্দেহভাজন ও কাগজপত্রবিহীন যানবাহনগুলো আটক করে থানায় পাঠান।
জেলা ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না।
আটক যানবাহনগুলো লাকসাম থানা হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট যানবাহনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের চালকদের বৈধ কাগজপত্র সঙ্গে রেখে সড়কে চলাচল এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
