

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার তিনজনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাকসাম (পূর্ব) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফুলগাঁও গ্রামের পূর্বপাড়ার মৃত আবদুল লতিফের ছেলে মো. সাফায়েত হোসেন (৪০), লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভোজপাড়া গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. কামরুজ্জামান (২৩) এবং একই ওয়ার্ড ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ওই গ্রামের আলী আহাম্মদের ছেলে মো. রিফাত হোসেন (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে তাঁদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে লাকসাম থানা-পুলিশ। অন্যদিকে, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাফায়েত হোসেনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে পরে লাকসাম থানায় হস্তান্তর করে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা গ্রহণ করে তাঁদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
