

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং মিয়াজি বাড়ি জামে মসজিদের টয়লেটের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২২ মার্চ) বিকেলে শ্রীয়াং গ্রামের দীঘির পশ্চিম পাড়ে অবস্থিত মিয়াজি বাড়ি জামে মসজিদে আসরের নামাজ পড়তে গিয়ে এক মুসল্লি টয়লেটে প্রবেশ করলে অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা এসে দেখতে পান, ওই ব্যক্তি ইতোমধ্যেই মারা গেছেন।
পরে মসজিদের মুসল্লি ও স্থানীয়রা খবর দিলে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মুসল্লিরা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে পরীক্ষা করে নিশ্চিত হন তিনি মৃত। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে আঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।
এদিকে, তদন্তের এক পর্যায়ে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ডাবুরিয়া গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা খন্দকার মশাররফ হোসেনের বড় ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালাতেন।
ঘটনাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। কেউ ধারণা করছেন, অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে এনে ফেলে রাখা হয়েছে। আবার কেউ মনে করছেন, ঘটনাস্থলেই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে।
পুলিশ ইতোমধ্যে আশপাশের এলাকা ঘিরে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের শনাক্ত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
লাকসাম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
