

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ুন
এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লাকসামে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় লাকসাম থানা পুলিশের আয়োজনে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, লাকসাম-মনোহরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সনদ বড়ুয়া, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলীসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ, সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম মানু, সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, “মাদক ও কিশোর গ্যাং থেকে আমাদের ছাত্র সমাজকে দূরে থাকতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। কোনো ভাই, বন্ধু বা অন্য কারও প্ররোচনায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়ানো যাবে না।
তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
লাকসাম-মনোহরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সনদ বড়ুয়া বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, মাদক একটি পরিবার, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। তাই সরকারের পাশাপাশি সামাজিকভাবেও মাদকের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে হবে। একই সঙ্গে কিশোরদের বিপথগামী হওয়া রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রত্যেককে নিজ নিজ এলাকা থেকে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য সহযোগিতার আহবান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তবে মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ।
পরে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র্যালী বের হয় র্যালিটি লাকসাম বাইপাস হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
মাদকবিরোধী র্যালীতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে আগতরা মাদকমুক্ত লাকসাম গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
