

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, কোরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং মেধাবী হাফেজদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লাকসামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) লাকসামের জামেয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ (জোন-২), কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুমধুর কন্ঠে কোরআন তেলওয়াত শুনে সেরাদের মধ্যে ০৫ টি ক্যাটাগরিতে মোট ৫০ শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। বিভাগগুলো হলো ৫ পারা, ১০ পারা, ২০ পারা, ৩০ পারা ও ছিগারুল হককাজ। প্রতিটি বিভাগে প্রথম থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। পরে পাঁচটি বিভাগে মোট ৫০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ (জোন-২), কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ইয়াকুব সাহেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মাওলানা মাছুম বিল্লাহ মোজাহের, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ মাইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইয়াকুব আলী, প্রচার সম্পাদক হাফেজ শামীম হোসেন ও হাফেজ আশিক এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. ইউসুফ, বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম ও হাজী জসিম উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদ, শহিদুল ইসলাম শাহীন, আফরাতুল করিম রিমু, এস এ বাদশাহ, এবং বৈশিষ্ট্য রাজনীতিবিদ মাঈনুল হক মিঠু ও এমরান হোসেন মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজক ও অতিথিরা শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে কোরআনের শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করার অনুপ্রেরণা দেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন হিফজের আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে। পাশাপাশি মেধাবী হাফেজদের উৎসাহিত করার মাধ্যমে ধর্মীয় শিক্ষার প্রসার এবং কোরআনের আলোয় আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে।
ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও কোরআনের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
