

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামের গোবিন্দপুর ইউনিয়নে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আলমগীর হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ও রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আলমগীর হোসেনকে তার সাংগঠনিক পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নাম, পরিচয় বা পদ ব্যবহার করে কোনো ধরনের সাংগঠনিক, রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কর্মকাণ্ড পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
