কুমিল্লার নিখোঁজ দুই শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো—চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকার মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিসা আক্তার (১৪)। তারা স্থানীয় আল-আমিন মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহিমা ও তানিসা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। তবে নির্ধারিত সময়ে তারা মাদ্রাসায় পৌঁছায়নি। পরে বাড়িতেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ঘটনার পর পুলিশ নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে তাদের অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়।

পরে কক্সবাজার ডিবি পুলিশের সহায়তায় সমুদ্রসৈকত এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরিবারের সদস্যদের ওপর অভিমান করে স্বেচ্ছায় বাড়ি থেকে কক্সবাজারে যাওয়ার কথা জানিয়েছে। তবে তাদের কক্সবাজার যাওয়ার বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply