কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬।

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে গভীর শ্রদ্ধা, সম্মান ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং বীর জুলাই যোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লা-৬ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী, এমপি । তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগকে জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ ইউসুফ মোল্লা টিপু । তিনি জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের আত্মত্যাগ ও বীর জুলাই যোদ্ধাদের সাহসিকতা আগামী প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বীর যোদ্ধাদের আত্মত্যাগ, সাহসিকতা এবং দেশের জন্য তাঁদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয় এবং তাঁদের প্রতি জাতির কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বীর জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল শ্রদ্ধা, স্মৃতিচারণ এবং জাতীয় অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক অনন্য আয়োজন।

Leave a Reply