

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (জেলা পরিষদ ব্যতীত) নির্বাচন উপলক্ষে লাকসাম উপজেলায় ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারিকৃত এক নির্দেশনায় জানানো হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ) নির্বাচনের জন্য ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রস্তুত করা হবে।
নির্দেশনা অনুযায়ী আগামী ১০ আগস্ট ২০২৬ ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকার ওপর ১৮ আগস্ট পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। প্রাপ্ত দাবি-আপত্তি ২৩ আগস্টের মধ্যে নিষ্পত্তি শেষে ২৭ আগস্ট ২০২৬ সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
লাকসাম উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নীতিমালা অনুসরণ করে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও সংশ্লিষ্ট এলাকার ভোটকেন্দ্র নির্ধারণের কার্যক্রম পরিচালিত হবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট পক্ষের আপত্তি বা মতামত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল করা যাবে। সকল আবেদন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিস সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে ভোটকেন্দ্র নির্ধারণ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
