

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলায় একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার (২১ এপ্রিল) বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া—এই ছয় জেলায় মোট ২৭৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন এবং ছাত্র ৫৮ হাজার ৮৪৭ জন।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রের ভেতর ও বাইরে নজরদারি জোরদার রাখা হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে সকালেই কুমিল্লা জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম এবং কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক আবদুল হাফিজ ও সংশ্লিষ্ট থানা পুলিশের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
