

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলায় সিনথিয়া উদ্দিন (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে লাকসাম পৌরভবনের সামনের একটি বহুতল ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সিনথিয়া উদ্দিন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। তার বাড়ি লালমাই উপজেলার সিংহরিয়া গ্রামে। তিনি প্রবাসী সাহাব উদ্দিন ও কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা আক্তার দম্পতির মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সিনথিয়া তার মায়ের সঙ্গে লাকসাম পৌর এলাকার একটি ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করত। সোমবার সন্ধ্যায় পড়াশোনায় মনোযোগ না দিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে সে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়।
পরদিন সকালে অনেকক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, তার হাতে ব্লেড দিয়ে কাটার একাধিক দাগ (প্রায় ৮ থেকে ১০টি) লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে পুলিশ।
লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মেদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
