দাউদকান্দির ইউএনও নাছরীন আক্তারকে বদলি

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারকে বদলি করা হয়েছে। গত ২৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হলেও মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ নাছরীন আক্তার (পরিচিতি নম্বর-১৮৪৭৩)-কে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাকে নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বদলির আদেশ জারির এক সপ্তাহ পার হলেও নাছরীন আক্তার দাউদকান্দি উপজেলা ছাড়েননি বলে জানা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মহলে আলোচনা চলছে।

বদলির বিষয়ে বক্তব্য জানতে ইউএনও নাছরীন আক্তারের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply