

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়িতে বান্ধবীদের সঙ্গে পিকনিকে গিয়ে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া ইসলাম মুমু (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ইসলাম মুমু বান্দরবান পৌর এলাকার কালাঘাটা ৩ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ও ইয়াসমিন আক্তারের মেয়ে। সে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ইসলাম মুমু কয়েকজন বান্ধবীকে সঙ্গে নিয়ে ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদীর পাড়ে পিকনিকে যায়। একপর্যায়ে তারা নদীতে গোসল করতে নামলে সাদিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নদী থেকে সাদিয়াকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান আনসারী।
সাদিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
