

বুড়িচং কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা ও মূল্যবান সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মোহাম্মদ সাখাওয়াত হাফিজ (৫০) জানান, তিনি একজন সাংবাদিক এবং বিভিন্ন পত্রিকার সঙ্গে সম্পৃক্ত। গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে বুড়িচং থানাধীন ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে একটি বিরোধকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, সংবাদ সম্মেলনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তিনি ঘটনাটি ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত মোঃ সালাহ উদ্দিন (৫০)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাকে বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এক পর্যায়ে অভিযুক্তরা তার ব্যবহৃত স্মার্টফোন, ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোনসহ প্রায় ৬০ হাজার টাকা মূল্যের সরঞ্জাম ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সালাহ উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে আঘাত করে গুরুতর জখম করেন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান। আহত অবস্থায় তাকে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালে এবং পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মোহাম্মদ সাখাওয়াত হাফিজ বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সালাহ উদ্দিনকে প্রধান আসামি করে আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
বুড়িচং থানার একটি সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
