লাকসামে কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৫১

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলায় কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণসহ মোট ৫১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাতের বেলায় বিভিন্ন সড়ক ও অলিগলিতে অকারণে আড্ডা দেওয়া, মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে চলাচলসহ বিভিন্ন কারণে কয়েকজন কিশোর ও তরুণকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক কিশোরও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া অভিযানের সময় কয়েকজনকে মোবাইল ফোনে গেমস খেলতে থাকা অবস্থায়ও আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি।

তিনি জানান, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ৫১ জনের বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এমন অভিযানে এলাকায় রাতের বেলায় কিশোর-তরুণদের সন্দেহজনক আড্ডা ও বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply